জলপাইগুড়ি: নিকাশি নালা দখল করে বেআইনিভাবে তৃণমূলের কার্যালয় নির্মাণের অভিযোগ উঠল জলপাইগুড়ি শহরের ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্দীপ ঘোষের বিরুদ্ধে।
পুরসভার নোটিশ পাওয়ার পর নিজেই হাতে তৈরি কার্যালয় ভেঙে সরিয়ে নেন তিনি।
অভিযোগ, শহরের দেববন্ধু নগর এলাকায় নিকাশি নালার উপর পরিষেবা কেন্দ্রের নামে একটি কার্যালয় তৈরি করে দীর্ঘদিন ধরে সেটি তৃণমূলের দলীয় অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছিল।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার অভিযোগ জানানো হলেও তৎকালীন পরিস্থিতিতে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
সরকার পরিবর্তনের পর ফের সরব হন এলাকাবাসী। তাঁরা মহকুমা শাসকের দ্বারস্থ হলে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়।
এরপর মহকুমা শাসকের নির্দেশে জলপাইগুড়ি পুরসভা বেআইনি নির্মাণ অপসারণের জন্য নোটিশ জারি করে।
নোটিশ হাতে পাওয়ার পরই কাউন্সিলর সন্দীপ ঘোষ নিজেই ওই কার্যালয় ভেঙে সরিয়ে দেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।
স্থানীয়দের একাংশের দাবি, সরকারি নিকাশি নালা দখলমুক্ত হওয়ায় জলনিকাশির সমস্যার কিছুটা সমাধান হবে।















































