শিলিগুড়ি: উত্তরবঙ্গের প্রশাসনিক সদর দফতর উত্তরকন্যা-কে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে।
রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের আবহে মঙ্গলবার উত্তরকন্যার সামনে জড়ো হয়ে বিজয় উল্লাসে মাতেন বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ।
স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। শাসন পরিবর্তনের আনন্দে কর্মীরা উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ বঞ্চনার শিকার হয়েছে ও নতুন সরকার গঠনের পর সেই পরিস্থিতির বদল ঘটবে।
বিজেপি সমর্থকদের বক্তব্য, উত্তরবঙ্গের ৫৪টি বিধানসভা কেন্দ্রের উন্নয়নমূলক পরিকল্পনা ও বাস্তবায়ন এবার উত্তরকন্যা থেকেই পরিচালিত হবে।
সেইসঙ্গে রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবে প্রশাসনিক ভবনের বর্তমান নীল-সাদা রং মুছে গেরুয়া রং করার দাবিও তোলেন তারা।
এদিনের কর্মসূচিতে অংশগ্রহণকারীরা আরও জানান, নতুন সরকারের মন্ত্রীরা উত্তরকন্যাকে কেন্দ্র করেই উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের রূপরেখা তৈরি ও বাস্তবায়ন করবেন বলে তাদের প্রত্যাশা।
এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা, যা আগামী দিনে আরও তীব্র হতে পারে বলে মনে করছেন।














































