কেমিক্যালমুক্ত চা পাতার নির্দেশে দুশ্চিন্তায় ক্ষুদ্র চা চাষিরা, সচেতনতায় জোর অ্যাসোসিয়েশনের!

উত্তর দিনাজপুর: টি-বোর্ড ও উত্তরবঙ্গ চা উৎপাদক সমিতির যৌথ উদ্যোগে কেমিক্যালমুক্ত চা উৎপাদনে জোর দিতে নতুন নির্দেশিকা জারি হওয়ায় উদ্বেগে পড়েছেন উত্তর দিনাজপুরের ক্ষুদ্র চা চাষিরা।

নতুন নিয়ম অনুযায়ী, ২৭ জুলাই এদিন থেকে MRL রিপোর্ট ছাড়া কোনো কেনা পাতার কারখানা কাঁচা চা পাতা গ্রহণ করবে না।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও ক্ষুদ্র চা চাষিদের একাংশের দাবি, বর্তমানে কোন কীটনাশক ব্যবহার করা যাবে ও কোনগুলি সম্পূর্ণ নিষিদ্ধ তার একটি স্পষ্ট তালিকা দ্রুত প্রকাশ করা প্রয়োজন।

পাশাপাশি, ক্ষতিকর রাসায়নিকের পরিবর্তে নিরাপদ ও কার্যকর বিকল্পের ব্যবস্থাও করতে হবে, যাতে উৎপাদন ব্যাহত না হয় সাথে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন।

এদিকে, উত্তর দিনাজপুর স্মল টি গ্রোয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে ও চায়ের গুণগত মান বজায় রাখতে কেমিক্যালমুক্ত চা উৎপাদনের কোনো বিকল্প নেই।

সেই লক্ষ্যেই চাষিদের সচেতন করতে বিভিন্ন এলাকায় প্রশিক্ষণ ও সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হবে।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, ক্ষতিকর ও নিষিদ্ধ কীটনাশকের অবাধ বিক্রি ও ব্যবহার বন্ধে সরকারকে কঠোর নজরদারি চালাতে হবে।

পাশাপাশি, নিরাপদ চাষপদ্ধতি সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে।

নতুন নির্দেশিকা কার্যকর হওয়ার প্রেক্ষিতে একদিকে যেমন চায়ের গুণগত মান রক্ষার উদ্যোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে, অন্যদিকে ক্ষুদ্র চা চাষিদের স্বার্থ সুরক্ষায় দ্রুত বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার দাবিও জোরালো হয়ে উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here