শিলিগুড়ি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক ভাড়াটিয়া মহিলার সঙ্গে সহবাস ও প্রতারণার অভিযোগে বাড়িওয়ালাকে গ্রেফতার করল পুলিশ।
ধৃতের নাম বিপ্লব সরকার। সে শিলিগুড়ি পুরনিগমের ৪৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে এক মহিলা শিলিগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি জানান, বাড়িওয়ালা বিপ্লব সরকার নিজেকে বৈবাহিক জীবনে অসুখী বলে দাবি করেন ও প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে তাঁকেই বিয়ে করবেন বলে প্রতিশ্রুতি দেয়।
সেই আশ্বাসের ভিত্তিতেই অভিযুক্ত তাঁর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ।
জানা গিয়েছে, কর্মসূত্রে ওই মহিলা বিপ্লব সরকারের বাড়িতে ভাড়া থাকতেন। পরে তিনি প্রতারণার শিকার হচ্ছেন বুঝতে পেরে অন্যত্র ভাড়া নিয়ে চলে যান।
অভিযোগ, কিছুদিন আগে অভিযুক্তের পরিবারের সদস্যরা ওই মহিলাকে মারধরও করেন।
এরপর মহিলা শিলিগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পর থেকেই গা-ঢাকা দিয়েছিলেন বিপ্লব সরকার।
বুধবার রাতে পুলিশ খবর পায় যে তিনি বাড়ি ফিরেছেন।
এরপর অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।















































