চোপড়া: বাসের অপেক্ষায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও মিলছে না সরকারি বাস।
অভিযোগ, মহিলা যাত্রী দেখলেই অনেক বাস দাঁড়াচ্ছে না। আবার কোনও বাস দাঁড়ালেও কর্মীদের একাংশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ উঠছে।
এমনই অভিযোগকে কেন্দ্র করে সোমবার সকালে উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুর জেলার চোপড়ার কালাগছ এলাকা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কালাগছ এলাকায় জাতীয় সড়কের ধারে বাসের জন্য অপেক্ষা করছিলেন বেশ কয়েকজন মহিলা যাত্রী।
অভিযোগ, একের পর এক এনবিএসটি-সহ সরকারি বাস এলেও সেগুলি না দাঁড়িয়েই চলে যায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও বাস না মেলায় ক্ষোভে ফেটে পড়েন মহিলারা। শেষ পর্যন্ত জাতীয় সড়কে নেমে অবরোধ শুরু করেন তাঁরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতিদিনই তাঁদের এই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। বাস থামানো নিয়ে হয়রানির পাশাপাশি, বাসকর্মীদের একাংশের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
তাঁদের দাবি, মহিলা যাত্রীদের প্রতি আরও দায়িত্বশীল ও সংবেদনশীল আচরণ করা প্রয়োজন।
প্রায় এক ঘণ্টা ধরে চলে অবরোধ। এর জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং তৈরি হয় যানজট।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার পুলিশ।
বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে অবশেষে অবরোধ তুলে নেন তাঁরা।
তবে প্রতিদিনের এই ভোগান্তি থেকে কবে মুক্তি মিলবে, এখন সেই প্রশ্নই তুলছেন কালাগছ এলাকার মহিলা যাত্রীরা।















































