সকালবেলার ব্যস্ত সময়ে ধোঁয়ায় ঢাকে এলাকা, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
কলকাতা: সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনেই শিয়ালদহ স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল।
সকাল সাড়ে ৯টা নাগাদ শিয়ালদহ দক্ষিণ শাখার প্ল্যাটফর্ম সংলগ্ন বাইরের ফুড প্লাজার একটি খাবারের দোকানে আচমকা আগুন লাগে। মুহূর্তের মধ্যে দোকান থেকে ঘন ধোঁয়া বেরোতে শুরু করায় আতঙ্কিত হয়ে পড়েন নিত্যযাত্রী ও আশপাশের মানুষজন।
আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। ফুড প্লাজার একাধিক খাবারের দোকানে রান্নার কাজে গ্যাস, তেল ও অন্যান্য দাহ্য সামগ্রী ব্যবহৃত হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে আগুন লাগা দোকানের সামনের কাচ ভেঙে ভিতরে জল দেওয়ার কাজ শুরু করেন দমকলকর্মীরা।
ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় আরপিএফ ও কলকাতা পুলিশের কর্মীরাও। উৎসুক মানুষের ভিড় সরিয়ে এলাকা ব্যারিকেড করে ঘিরে ফেলা হয়। যাত্রীদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়ার পাশাপাশি স্টেশনের স্বাভাবিক যাতায়াত যাতে ব্যাহত না হয়, সেদিকেও নজর রাখেন নিরাপত্তাকর্মীরা।
প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে অনুমান করা হলেও, আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করবে দমকল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দোকানটির অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না, তাও তদন্তের আওতায় আসতে পারে।















































