গেরুয়া ঝড়ে ফিকে নীল-সাদা!
শুভেন্দুর বৈঠকের দিনেই তৃণমূল নেতার পাড়ায় রং বদল
ধুপগুড়ি: রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বদলাতে শুরু করেছে জেলার রাজনৈতিক সমীকরণ।
সেই আবহেই জলপাইগুড়ির ঝাড়-আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে দেখা গেল নতুন রাজনৈতিক বার্তা।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র প্রশাসনিক বৈঠকের দিনেই তৃণমূল ঘাঁটিতে নীল-সাদা রঙের কমিউনিটি হলে শুরু হল গেরুয়া রঙের প্রলেপ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝাড়-আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী তথা তৃণমূলের প্রভাবশালী নেতা বীরেন রায়ের বাড়ির অদূরেই অবস্থিত একটি স্থানীয় ক্লাবের কমিউনিটি হলকে কেন্দ্র করেই শুরু হয়েছে এই রাজনৈতিক রং পরিবর্তনের কর্মসূচি।
তৃণমূল আমলে আদিবাসী উন্নয়ন তহবিলের অধীনে নির্মিত ওই ভবনটি দীর্ঘদিন ধরে নীল-সাদা রঙে সজ্জিত ছিল।
এদিন স্থানীয় বিজেপি যুব নেতৃত্বের উদ্যোগে ও নিজেদের আর্থিক সহায়তায় ভবনের বাইরের অংশে গেরুয়া রঙ করা শুরু হয়।
যদিও বিজেপি কর্মীদের দাবি, রাজনৈতিক সৌজন্য বজায় রাখতে ভবনের কিছু অংশে নীল-সাদা রং রাখা হবে।
স্থানীয় বাসিন্দাদের একাংশ বীরেন রায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।
তাঁদের অভিযোগ, তৃণমূল সমর্থক না হলে এতদিন এলাকার যুবকদের মাঠে খেলাধুলা করতেও বাধা দেওয়া হতো।
যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূল নেতৃত্বের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রাজনৈতিক মহলের মতে, ঝাড়-আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে এই রং পরিবর্তনের ঘটনা শুধুমাত্র একটি ভবনের রং বদল নয়, বরং বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতিরই প্রতীক।
বর্তমানে গোটা এলাকা জেলা রাজনীতির অন্যতম আলোচ্য কেন্দ্রে পরিণত হয়েছে।














































