ইসলামপুর: দাড়িভিট কাণ্ডে নিহত প্রাক্তন দুই ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মনের মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে ফের সরব হল বিজেপি।
ঘটনার আট বছর পেরিয়ে গেলেও এখনও বিচার না মেলায় ক্ষোভ রয়েছে নিহতদের পরিবারের মধ্যে। তবে দ্রুত বিচারের আশায় সরকারের উপর আস্থা রাখার কথাও জানিয়েছেন পরিবারের সদস্যরা।
২০১৮ সালের ২০ সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের দাড়িভিট হাইস্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।
সেই সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় প্রাক্তন দুই ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মনের।
ঘটনার পর থেকেই পূর্ণাঙ্গ তদন্ত ও অভিযুক্তদের শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন নিহতদের পরিবারের সদস্যরা সহ বিভিন্ন সংগঠন।
রবিবার দাড়িভিটে এবিভিপির উদ্যোগে মাতৃভাষা দিবস পালন করা হয়।
প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় এই কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবিভিপির রাজ্য নেতৃত্বের পাশাপাশি রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী ও বিজেপির অন্যান্য রাজ্য নেতৃত্ব।
মাতৃভাষা দিবসের কর্মসূচির মঞ্চ থেকেই দাড়িভিট কাণ্ডে নিহত রাজেশ ও তাপসের পরিবারের পাশে থাকার বার্তা দেওয়া হয়। পাশাপাশি আট বছর পেরিয়ে যাওয়ার পরও কেন ঘটনার বিচার সম্পূর্ণ হয়নি, তা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা।
এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী, বিজেপির মুখপাত্র, এবিভিপি নেতৃত্ব ও নিহত তাপস বর্মনের মা মঞ্জু বর্মন।
নিহতদের পরিবারের বক্তব্য, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁরা এখনও ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।















































