শিলিগুড়ি: প্রশাসনিক বৈঠক ও দলীয় কর্মসূচির ব্যস্ততার মধ্যেই রবিবার সন্ধ্যায় অন্য মেজাজে দেখা গেল রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষকে।
একাধিক কর্মসূচি ও বৈঠক শেষে সোজা সেবক রোডের একটি শপিং মলের সিনেমা হলে পৌঁছে সিনেমা দেখলেন তিনি। সঙ্গে ছিলেন দলের একাধিক কার্যকর্তা। উপস্থিত ছিলেন পাহাড়ের রাজনৈতিক মুখ বিমল গুরুংও।
শনিবার থেকেই শিলিগুড়িতে রয়েছেন দিলীপ ঘোষ। শনিবার উত্তরকন্যায় আয়োজিত একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে অংশ নেন তিনি। এরপর রবিবার শিলিগুড়ি ও সংলগ্ন বিভিন্ন এলাকায় একাধিক কর্মসূচিতে যোগ দেন পঞ্চায়েত মন্ত্রী।
রবিবার বিকেলে শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসেও একটি গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন পূর্তমন্ত্রী অজয় কুমার পদ্মা, মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু-সহ শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির একাধিক কার্যকর্তা।
দলীয় অভ্যন্তরীণ বিষয় ছাড়াও গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন ও নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানা গিয়েছে।
বৈঠক শেষে আর কোনও রাজনৈতিক কর্মসূচিতে না গিয়ে সেবক রোডের একটি শপিং মলে যান দিলীপ ঘোষ।
সেখানকার সিনেমা হলে বসে ‘হনুমান আনশ’ সিনেমা দেখেন তিনি। মন্ত্রীর সঙ্গে ছিলেন দলের কয়েকজন কার্যকর্তা। একই সময়ে তাঁর সঙ্গে দেখা যায় বিমল গুরুংকেও।
রাজনৈতিক কর্মসূচির বাইরে মন্ত্রীকে এভাবে সিনেমা দেখতে দেখে সিনেমা হলের দর্শকদের মধ্যেও কৌতূহল তৈরি হয়।
রবিবার সন্ধ্যায় বৈঠক থেকে সিনেমা হল দিলীপ ঘোষের এই ভিন্ন মেজাজই শিলিগুড়িতে নজর কাড়ে।















































