জ্ঞানেশ কুমারের গ্রেপ্তারের দাবিতে শিলিগুড়িতে যুব কংগ্রেসের বিক্ষোভ, পশ্চিমবঙ্গে ফের ভোটের দাবিতে সরব!

শিলিগুড়ি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের গ্রেপ্তারের দাবিতে এবার শিলিগুড়ির হাসমিচকে বিক্ষোভে নামল দার্জিলিং জেলা যুব কংগ্রেস।

একইসঙ্গে পশ্চিমবঙ্গে ফের নতুন করে নির্বাচন করার দাবিও তোলা হয় বিক্ষোভ কর্মসূচি থেকে।

নির্বাচন কমিশনের ভূমিকা ও ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া বিতর্কের মাঝে এই কর্মসূচি।

উল্লেখ্য, সম্প্রতি নির্বাচন কমিশনের অন্দরে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-সহ একাধিক সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনারের আপত্তির খবর প্রকাশ্যে আসে।

একটি প্রতিবেদনে দাবি করা হয়, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী গত প্রায় ১০ মাসে কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে অন্তত ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন।

বিষয়টি প্রকাশ্যে আসার পরই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে বিরোধী দলগুলির মধ্যে নতুন করে প্রশ্ন ওঠে।

এই ঘটনাপ্রবাহের মধ্যেই জ্ঞানেশ কুমারের গ্রেপ্তার ও তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা করার দাবি সামনে এসেছে।

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রকাশ্যে জ্ঞানেশ কুমারের গ্রেপ্তারের দাবি তুলেছেন।

পাশাপাশি SIR-এর আগে যে ভোটার তালিকা ছিল, সেই তালিকা ব্যবহার করে পশ্চিমবঙ্গে নতুন করে নির্বাচন করার দাবিও জানিয়েছেন তিনি।

এবার সেই দাবিরই প্রতিধ্বনি শোনা গেল শিলিগুড়িতে।

দার্জিলিং জেলা যুব কংগ্রেসের কর্মী-সমর্থকরা হাসমিচকে বিক্ষোভ দেখান।

তাঁদের অভিযোগ, নির্বাচন প্রক্রিয়া ও ভোটার তালিকা সংশোধন নিয়ে যে প্রশ্নগুলি উঠেছে, তার নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তাঁরা।

পাশাপাশি পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিরোধীদের যে আপত্তি, তার প্রেক্ষিতে রাজ্যে নতুন করে নির্বাচন করার দাবিও তোলা হয়।

বিক্ষোভকারীদের বক্তব্য, ভোটারদের আস্থা ও নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছে, তা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।

তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিরোধীদের অভিযোগের সঙ্গে একমত হওয়ার কোনও বক্তব্য সামনে আসেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here