১০,০০০ মিটারে সোনা জিতে ইতিহাস গড়লেন নকশালবাড়ির সঞ্জিতা ওরাওঁ

নকশালবাড়ি, শিলিগুড়ি: ছত্তিশগড়ে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস-এ ১০,০০০ মিটার দৌড়ে স্বর্ণপদক জিতে নকশালবাড়ির গর্ব বাড়ালেন সঞ্জিতা ওরাওঁ।

৩০টি রাজ্যের প্রায় ৩,০০০ প্রতিযোগীর মধ্যে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে তিনি প্রায় ৪০ মিনিটে দৌড় সম্পন্ন করেন।

নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের মৌরিজোত চা বাগান এলাকার বাসিন্দা সঞ্জিতা বর্তমানে নকশালবাড়ি কলেজের শেষ বর্ষের ছাত্রী।

সাধারণ পরিবারে বেড়ে ওঠা এই ক্রীড়াবিদের পথচলা ছিল চ্যালেঞ্জে ভরা। পর্যাপ্ত প্রশিক্ষণ পরিকাঠামো না থাকায়, গ্রামের কাঁচা রাস্তা, চা বাগানের পথ ও খোলা মাঠই ছিল তার অনুশীলনের জায়গা।

প্রতিকূল আবহাওয়া বর্ষা হোক বা কষ্টকর পরিস্থিতি কিছুই তাকে থামাতে পারেনি।

তার প্রতিভা প্রথম নজরে আসে এক স্থানীয় কোচের, যিনি তাকে পেশাদারভাবে অ্যাথলেটিক্সে এগিয়ে যেতে উৎসাহ দেন।

এরপর থেকেই কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও দৃঢ় সংকল্পকে সঙ্গী করে ধাপে ধাপে এগিয়ে যান সঞ্জিতা, পৌঁছে যান জাতীয় স্তরে।

আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও নিজের লক্ষ্যে অবিচল থেকে তিনি আজ বড় মঞ্চে সাফল্যের শিখরে।

তার এই কৃতিত্ব শুধু নকশালবাড়ি নয়, সমগ্র চা বাগান অঞ্চল ও গ্রামীণ এলাকার তরুণ ক্রীড়াবিদদের কাছে এক বড় অনুপ্রেরণা হয়ে উঠেছে।

সঞ্জিতা ওরাওঁর এই সাফল্য প্রমাণ করে স্বপ্ন পূরণ করতে হলে দরকার অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও নিজের উপর অটুট বিশ্বাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here