ভোটের আগে আস্থা ফেরাতে ময়দানে কেন্দ্রীয় বাহিনী, নিরাপত্তা নিয়ে বার্তা প্রশাসনের!

কোচবিহার: বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ বাড়াতে বিশেষ উদ্যোগ নিল কোচবিহার জেলা প্রশাসন।

সোমবার জেলা শাসক দপ্তরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই বার্তাই তুলে ধরেন জেলাশাসক জিতীন যাদব।

প্রশাসনের তরফে জানানো হয়, নির্বাচনকে কেন্দ্র করে কোনো রকম ভয় বা অনিশ্চয়তা যাতে না থাকে, সেই লক্ষ্যেই আগেভাগে কেন্দ্রীয় বাহিনীকে মাঠে নামানো হয়েছে।

ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্তে বাহিনীর টহল ও জনসংযোগ কর্মসূচি শুরু হয়েছে।

সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের ভোট দেওয়ার বিষয়ে আশ্বস্ত করা হচ্ছে।

কেন্দ্রীয় বাহিনীর এক আধিকারিক জানান, মানুষের মধ্যে আস্থা তৈরি করাই তাদের প্রধান লক্ষ্য।

যাতে প্রত্যেক ভোটার নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন, সেই পরিবেশ গড়ে তুলতে তারা নিরলসভাবে কাজ করছেন।

পাশাপাশি, নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বৈধ ভোটারদের ভোটাধিকার সুরক্ষিত রাখা ও অবৈধ ভোটদান ঠেকানো হবে বলেও স্পষ্ট জানানো হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে আরও জানা যায়, কোচবিহারের প্রতিটি বুথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি নিশ্চিত করে শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন সম্পন্ন করাই এখন প্রশাসনের মূল লক্ষ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here