শিলিগুড়িতে মমতার পদযাত্রা ১৫ তারিখে, ভোটের আগে তুঙ্গে রাজনৈতিক উ*ত্তাপ!

শিলিগুড়ি: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফের উত্তরবঙ্গ সফরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তার এই সফর ঘিরেই শিলিগুড়ির রাজনৈতিক মহলে বাড়ছে উত্তাপ।

আগামী ১৫ তারিখ শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেবের সমর্থনে একটি পদযাত্রায় অংশ নেওয়ার কথা রয়েছে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, শিলিগুড়ি জংশন থেকে হাসমি চক পর্যন্ত পায়ে হেঁটে র‍্যালি করবেন তিনি, যা ঘিরে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে।

এই কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা।

শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা, ডেপুটি পুলিশ কমিশনার (ইস্ট), ট্রাফিক বিভাগের আধিকারিক, মমতা বন্দ্যোপাধ্যায় সিকিউরিটি টিম ও শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ তৃণমূলের একাধিক নেতা শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলি পরিদর্শন করেন।

জংশন, মহাত্মা গান্ধী চক, গুরু নানকচক, হাসমি চক সহ একাধিক স্পট ঘুরে দেখা হয়।

পাশাপাশি বাগডোগরা বিমানবন্দর থেকে শহরে প্রবেশের রুট ও হিন্দি হাইস্কুলের হেলিপ্যাডও খতিয়ে দেখা হয়েছে।

নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণে কোনও খামতি না রাখতে খুঁটিনাটি পর্যালোচনা চলছে বলে প্রশাসন সূত্রে খবর।

এর আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে সভা করে গিয়েছেন।

ফলে শেষ মুহূর্তে এই পদযাত্রাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সব মিলিয়ে স্পষ্ট, শিলিগুড়ি আসন কোনওভাবেই হাতছাড়া করতে নারাজ তৃণমূল।

এখন দেখার, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদযাত্রা ভোটের সমীকরণে কতটা প্রভাব ফেলতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here