শিলিগুড়ি: পয়লা বৈশাখের দিনে রাজগঞ্জে হাইভোল্টেজ জনসভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah।
নববর্ষের শুভক্ষণে বাংলার উন্নয়ন ও শান্তির বার্তা দেওয়ার পাশাপাশি রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ শানালেন তিনি।
সভামঞ্চ থেকে অমিত শাহ বলেন, “নতুন বছরে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা গড়ার প্রার্থনা করি।”
একইসঙ্গে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি দাবি করেন, “ভোটের পর তৃণমূলের গুন্ডা বাহিনীকে আমরা শায়েস্তা করব।”
উত্তরবঙ্গকে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে তুলে ধরে তিনি স্মরণ করিয়ে দেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দার্জিলিং জেলার পাঁচটি কেন্দ্রেই জয় পেয়েছিল বিজেপি।
২০২৬ সালেও সেই সাফল্য ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী তিনি।
দার্জিলিং পাহাড়ের দীর্ঘদিনের গোর্খাদের সমস্যার সমাধানে বড় প্রতিশ্রুতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, “বাংলায় বিজেপি সরকার গঠন হলে সংবিধান মেনে গোর্খাদের সমস্যার স্থায়ী সমাধান করা হবে।”
পাহাড়ে বসবাসকারী মানুষের সমস্যা দূর করার প্রতিশ্রুতি দিয়ে তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে বহু গোর্খার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে ‘পুলিশ রাজ’ কায়েম করা হয়েছে।
বিজেপি ক্ষমতায় এলে এই পরিস্থিতির পরিবর্তন ঘটবে বলেও দাবি করেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়ে অমিত শাহ জানান, গত দেড় বছরে একাধিকবার বৈঠকের ডাক দেওয়া হলেও তাতে অংশ নেননি তিনি বা তাঁর কোনও প্রতিনিধি।
শাহ বলেন, “দিদি আপনি না এলে, আমিই বাংলায় আসছি।”
তাঁর অভিযোগ, রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে গোর্খা সমস্যার সমাধান বিলম্বিত করছে।
জনসভা থেকে তিনি দাবি করেন, “৫ মে বিজেপি সরকার গঠন করবে।”












































