নিরাপত্তার নামে প্রতারণা! ‘পুলিশ’ সেজে মহিলার গহনা উধাও শিলিগুড়িতে
শিলিগুড়ি: নিরাপত্তার অজুহাতে সাধারণ মানুষকে টার্গেট করে প্রতারণার নতুন কৌশল – এবার তার শিকার হলেন শিলিগুড়ির এক গৃহবধূ।
অগ্রসেন রোড এলাকায় এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে।
পুষ্পা দেবী আগারওয়াল নামের ওই মহিলা শুক্রবার বাজার থেকে বাড়ি ফিরছিলেন।
বাড়ির কাছেই দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি রিক্সা থামিয়ে নিজেদের পুলিশ পরিচয় দেয়।
তারা দাবি করে, এলাকায় চুরি-ছিনতাই বেড়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে গায়ে থাকা গহনা খুলে রাখা প্রয়োজন।
এই ‘সতর্কতা’-র ফাঁদেই পা দেন পুষ্পা দেবী। দুষ্কৃতীদের কথায় বিশ্বাস করে নিজের গলার হার, কানের দুল ও আংটি খুলে দেন তিনি।
এরপর গহনাগুলি কাপড়ে মুড়ে ফেরত দেওয়া হলেও বাড়িতে গিয়ে খুলতেই দেখা যায়, প্যাকেট ফাঁকা – চতুরতার সঙ্গে গহনাগুলি হাতিয়ে নিয়েছে প্রতারকরা।
ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন ওই মহিলা।
পরিবারের তরফে বিষয়টি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গেছে, খোয়া যাওয়া গহনার মূল্য কয়েক লক্ষ টাকা।
এদিন ঘটনাস্থলে যান গৌতম দেব। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ও দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান।
এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠছে – সাধারণ মানুষ কতটা নিরাপদ? একইসঙ্গে পুলিশ পরিচয়ে প্রতারণার এই প্রবণতা নিয়ে উদ্বেগ বাড়ছে শহরজুড়ে।
জানা যায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।











































