শিলিগুড়ি: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক জেলার যুব মোর্চার উদ্যোগে বৃহস্পতিবার শিলিগুড়ি জেলা হাসপাতালে বিশেষ স্বচ্ছ ভারত অভিযান পরিচালিত হয়।
হাসপাতাল চত্বরকে পরিষ্কার- পরিচ্ছন্ন রাখার লক্ষ্য নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে দলের বিভিন্ন স্তরের পদাধিকারী, কার্যকর্তা ও যুব মোর্চার সদস্যরা অংশগ্রহণ করেন।
অভিযান চলাকালীন হাসপাতাল চত্বরে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয় ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়া হয়।
পাশাপাশি রোগী ও তাঁদের পরিবারের সদস্যদেরও স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।
স্বচ্ছতা অভিযানের পর মানবিক উদ্যোগ হিসেবে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন দুস্থ রোগীদের পরিবারের হাতে ফল তুলে দেন যুব মোর্চার সদস্যরা।
এদিন অসুস্থ রোগীদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনাও করা হয়।
কর্মসূচি প্রসঙ্গে বিজেপি যুব মোর্চার সাংগঠনিক জেলা সভাপতি সৌরভ বসু সরকার বলেন, “স্বচ্ছ ভারত অভিযান শুধুমাত্র একটি কর্মসূচি নয়, এটি সামাজিক দায়বদ্ধতার অংশ।
জেলা হাসপাতালে এই উদ্যোগ গ্রহণ করা হয়েচ্ছে। আগামী দিনেও এই ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে।
শুধু হাসপাতাল নয়, শহরের বিভিন্ন এলাকায় যেখানে আবর্জনা ও নোংরার কারণে পরিবেশ দূষিত হচ্ছে, সেসব স্থানেও নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।”
তিনি আরও বলেন, “শহরকে পরিষ্কার রাখার দায়িত্ব শুধু প্রশাসন বা কোনও রাজনৈতিক দলের নয়।।
সাধারণ মানুষকেও এই উদ্যোগে সামিল হতে হবে।
সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই একটি পরিচ্ছন্ন, সুস্থ ও সুন্দর শিলিগুড়ি গড়ে তোলা সম্ভব।
তাই শহরের রাস্তা, হাসপাতাল, বাজার সহ জনবহুল এলাকাগুলি পরিষ্কার রাখার ক্ষেত্রে প্রত্যেক নাগরিকের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এই কর্মসূচির মাধ্যমে যুব মোর্চার পক্ষ থেকে পরিচ্ছন্নতা, সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার বার্তা তুলে ধরা হয়।
উপস্থিত কার্যকর্তারা জানান, ভবিষ্যতেও সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে থেকে আরও বৃহত্তর আকারে জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হবে।











































