শিলিগুড়ি: শিলিগুড়ি মহকুমার আপার বাগডোগরার এম.এম. তরাই এলাকায় বালাসন নদীর ভাঙন প্রতিরোধে প্রায় ১ কিলোমিটার দীর্ঘ নদীবাঁধ নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী ও মাটিগাড়া – নকশালবাড়ি বিধায়ক আনন্দময় বর্মন।
দীর্ঘদিন ধরেই বর্ষার সময় বালাসন নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা ভাঙনের আশঙ্কায় ভুগছিলেন।
স্থানীয় মানুষের সেই দীর্ঘদিনের দাবি পূরণে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ শুরু হওয়ায় এলাকায় খুশির হাওয়া বইছে।
এদিন নির্মাণ কাজের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক ও স্থানীয় বাসিন্দারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আনন্দময় বর্মন বলেন, সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি রক্ষার স্বার্থে এই বাঁধ নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রকল্পটি সম্পূর্ণ হলে নদী ভাঙনের সমস্যা অনেকটাই কমবে ও এলাকার বাসিন্দারা নিরাপদে বসবাস করতে পারবেন।
স্থানীয় বাসিন্দারাও আশা প্রকাশ করেছেন যে, দ্রুত কাজ সম্পন্ন হলে বর্ষাকালে বালাসন নদীর ভাঙনের আতঙ্ক থেকে তারা মুক্তি পাবেন।
প্রশাসনের পক্ষ থেকেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার আশ্বাস দেওয়া হয়েছে।












































