দিনহাটা: প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহের পরিবারের পাশে দাঁড়িয়ে খাবার পৌঁছে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নিজের বাড়িতে হামলার অভিযোগ তুললেন দীপ্তিমান সেনগুপ্ত।
ঘটনাকে কেন্দ্র করে দিনহাটার রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার কলকাতা থেকে দিনহাটার বাবুপাড়ার বাড়িতে ফেরেন উদয়ন গুহের স্ত্রী শাশ্বতী গুহ।
এদিন তাঁর বাড়িতে খাবার পৌঁছে দিতে দেখা যায় দীপ্তিমান সেনগুপ্তকে।
সেই সময় তিনি জানান, রাজনৈতিক মতভেদ থাকলেও মানবিকতার খাতিরে এই উদ্যোগ নিয়েছেন।
এর কিছুক্ষণের মধ্যেই দীপ্তিমানের অভিযোগ, একদল ব্যক্তি তাঁর বাড়িতে এসে বিক্ষোভ দেখায়, ডিম ছোড়ে ও তাঁকে মারধর করে।
পাশাপাশি বাড়ির বাইরে লাগানো একাধিক সিসিটিভি ক্যামেরাও ভাঙচুর করা হয়েছে বলে দাবি তাঁর।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে বিজেপির তরফে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।
মানবিকতার বার্তা দিতে গিয়ে কেন এমন পরিস্থিতির মুখে পড়তে হল, তা নিয়েই এখন সরগরম দিনহাটার রাজনৈতিক মহল।















































