শিলিগুড়ি: দীর্ঘদিনের বেতন বৈষম্যের অভিযোগ তুলে এবার আন্দোলনের পথে হাঁটলেন শিলিগুড়ি মহাকুমা পরিষদে ইউপিএসসি-র অধীনে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরা।
বুধবার মহাকুমা পরিষদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে তাঁরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।
বিক্ষোভকারীদের দাবি, নিয়মিত কর্মীদের মতোই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তাঁদের পারিশ্রমিক সেই তুলনায় অনেক কম।
সম্প্রতি আশা কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা হলেও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বাজেটে কোনও ইতিবাচক বার্তা না আসায় ক্ষোভ আরও বেড়েছে বলে জানান আন্দোলনকারীরা।
এদিন কর্মীরা মহাকুমা পরিষদের কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে নিজেদের দাবি পেশ করেন।
তাঁদের মূল দাবি, “সমান কাজের জন্য সমান বেতন” নীতি কার্যকর করে বেতন কাঠামোর পুনর্বিবেচনা করা হোক।
আন্দোলনকারীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে একাধিক দপ্তরে গুরুত্বপূর্ণ পরিষেবা প্রদান করেও তাঁরা আর্থিক নিরাপত্তা থেকে বঞ্চিত।
দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পাশাপাশি অনির্দিষ্টকালের কর্মবিরতির পথেও যেতে পারেন বলে সতর্কবার্তা দিয়েছেন তাঁরা।
কর্মীদের এই অবস্থানের ফলে ভবিষ্যতে প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এখন প্রশাসন তাঁদের দাবির বিষয়ে কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।












































