হাসপাতালের গুরুত্বপূর্ণ গ্যাস সরঞ্জাম চুরি, তদন্তে সাফল্য পুলিশের!

শিলিগুড়ি: ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের মেডিক্যাল গ্যাস ব্যাঙ্ক থেকে গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরির ঘটনায় তদন্তে বড় সাফল্য পেল এনজেপি থানার পুলিশ।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করার পাশাপাশি চুরি যাওয়া বেশ কিছু মূল্যবান সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়।

তদন্তের অগ্রগতিতে গত ১৯ জুন ময়নাগুড়ি থেকে দীপঙ্কর মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

পরে তাকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালালে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফুলবাড়ির জটিয়াখালী এলাকা থেকে চুরি হওয়া সরঞ্জামের একটি বড় অংশ উদ্ধার করা সম্ভব হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ অনুযায়ী, কোনও অনুমোদন বা রক্ষণাবেক্ষণ সংক্রান্ত নথি ছাড়াই মেডিক্যাল গ্যাস ব্যাঙ্কের একাধিক গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সরিয়ে নেওয়া হয়েছিল।

নিখোঁজ সামগ্রীর মধ্যে ছিল ১৬টি নন-রিটার্ন ভালভ, ১৬টি টেল পাইপ ও একটি নাইট্রোজেন কন্ট্রোল প্যানেল।

অভিযোগে ক্ষতির পরিমাণ প্রায় ১ লক্ষ ৭১ হাজার ৪০০ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

তদন্তকারীদের মতে, উদ্ধার হওয়া সরঞ্জামগুলি হাসপাতালের পরিকাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দ্রুত উদ্ধার হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ কিছুটা স্বস্তি পেয়েছে।

বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। চুরির পিছনে আর কেউ জড়িত রয়েছে কি না ও উদ্ধার না হওয়া সামগ্রী কোথায় রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here