শিলিগুড়ি: শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র বিধান মার্কেট ও শেঠ শ্রীলাল মার্কেটকে আরও সুশৃঙ্খল ও যানজটমুক্ত করে তুলতে মাঠে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
রেগুলেটেড মার্কেটে অভিযান চালানোর পর এবার নজর পড়েছে শহরের এই দুই গুরুত্বপূর্ণ বাজার এলাকায়।
বুধবার ট্রাফিক ডিসিপি কাজী শামসুদ্দিন আহমেদের নেতৃত্বে ট্রাফিক বিভাগের একটি দল দুই বাজার পরিদর্শন করে।
ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বাজারের অলিগলি ঘুরে দেখা হয় ও দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার বাস্তব চিত্র খতিয়ে দেখা হয়।
অভিযোগ, ক্রেতাদের একাংশ নির্দিষ্ট পার্কিং ব্যবহার না করে বাজারের রাস্তার উপরেই মোটর গাড়ি দাঁড় করিয়ে রাখেন।
ফলে বাজারের ভিতরে চলাচলে সমস্যা তৈরি হওয়ার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুল্যান্স বা দমকলের মতো পরিষেবার যানবাহন প্রবেশ করতেও বাধার মুখে পড়তে পারে।
এছাড়াও বেশ কিছু দোকান ও খাবারের দোকানের টেবিল- চেয়ার রাস্তার অংশ দখল করে রাখার অভিযোগও সামনে এসেছে।
এতে বাজারের রাস্তা আরও সংকীর্ণ হয়ে পড়ছে ও ক্রেতাদের ভোগান্তি বাড়ছে।
ট্রাফিক বিভাগের মতে, শহরের প্রধান সড়কে টোটো নিয়ন্ত্রণের সাথে রেগুলেটেড মার্কেটে ট্রাক পার্কিং নিয়ন্ত্রণের পর যানজট অনেকটাই কমেছে। এবার বাজার এলাকাগুলিকে সুশৃঙ্খল করার দিকেই জোর দেওয়া হচ্ছে।
অন্যদিকে ব্যবসায়ী সংগঠনগুলির দাবি, শুধু নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নয়, পর্যাপ্ত পার্কিং ব্যবস্থাও জরুরি।
সেই কারণেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা মাঠকে অস্থায়ী পার্কিং হিসেবে ব্যবহারের জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে।
এখন দেখার, প্রশাসন, ট্রাফিক পুলিশ ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে বাজার এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হয় কি না, নাকি সমস্যা সমাধানে ভবিষ্যতে আরও কঠোর অভিযানের পথে হাঁটতে হয়।












































