প্রাক্তন কাউন্সিলরের কার্যালয়ে সরকারি সামগ্রী মজুতের অভিযোগ, বিক্ষোভে বিজেপি!

শিলিগুড়ি: পশ্চিমবঙ্গ সরকার শিলিগুড়ি পুরনিগমের বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ করার পর থেকেই শহরের রাজনৈতিক মহলে তৎপরতা বেড়েছে।

এরই মধ্যে বুধবার শিলিগুড়ি পুরনিগমের ৪৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও কর্মীরা।

বিজেপি নেতাদের অভিযোগ, ওয়ার্ডবাসীদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ ডাস্টবিন, ব্লিচিং পাউডার, ত্রিপল-সহ বিভিন্ন সরকারি সামগ্রী বিপুল পরিমাণে প্রাক্তন কাউন্সিলরের কার্যালয়ে দীর্ঘদিন ধরে মজুত করে রাখা হয়েছে।

তাঁদের দাবি, এলাকার বহু বাসিন্দা এখনও প্রয়োজনীয় পরিষেবা ও সরকারি সুবিধা থেকে বঞ্চিত থাকলেও বিতরণের জন্য নির্ধারিত এই সামগ্রী সাধারণ মানুষের হাতে পৌঁছায়নি।

বিক্ষোভকারীদের আরও অভিযোগ, সম্প্রতি ওই সামগ্রী ধীরে ধীরে সরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে।

বিষয়টি সামনে আসতেই বিজেপি কর্মীরা কার্যালয়ের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন।

পরে কার্যালয়ের তালা খুলে ভিতরে থাকা বিভিন্ন সামগ্রী স্থানীয় বাসিন্দাদের সামনে প্রদর্শন করা হয়। এরপর পুনরায় কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরে শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ কর্মসূচির সমাপ্তি ঘটে।

এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার ওবিসি মোর্চার জেলা সহ-সভাপতি হীরা রায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মণ্ডল কমিটির কৈলাশ চৌরাসিয়া, অশোক যাদব-সহ দলের অন্যান্য নেতা ও কর্মীরা।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তবে অভিযোগের বিষয়ে প্রাক্তন কাউন্সিলর বা সংশ্লিষ্ট পক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here